Skip to main content

Ridge Bangla

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান

দুর্নীতি, অনিয়ম ও হয়রানির নানা অভিযোগে পৃথক তিন জেলার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুদকের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছে, কুমিল্লা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩–২৪ অর্থবছরের মেরামত ও সংস্কার প্রকল্পে তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ সম্পন্ন না করেই বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক অভিযান চালায়। অভিযানে কাজ না করেই বরাদ্দকৃত অর্থ তোলা হয়েছে বলে দুদকের অনুসন্ধানী দল প্রমাণ পেয়েছে।

রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বস্থলে ছিলেন না। কেন্দ্রগুলোর পরিবেশ ছিল অগোছালো ও অস্বাস্থ্যকর।

কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানান, এখানকার ফার্মাসিস্ট ও ল্যাব টেকনোলজিস্টরা নিয়মিত তাদের কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিনেরও উপস্থিতি মেলেনি। জেলা সিভিল সার্জন কর্মকর্তারা এরূপ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে পারেননি।

তৃতীয় ও সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয় ঝিনাইদহে। শহরের পৌর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে জানা যায়, প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া এখনো চলমান এবং কোনো ঠিকাদারকে চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি।

This post was viewed: 55

আরো পড়ুন