Skip to main content

Ridge Bangla

দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক ও নৌ দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসব দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবনই মূল্যবান, আর প্রতিটি মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে কুমিল্লার ট্রেন দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান। পাশাপাশি, দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, কুমিল্লার ঘটনায় তদন্তে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে, যাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

This post was viewed: 32

আরো পড়ুন