সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারিতে ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা করে জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন দুই ভারতীয় প্রবাসী। বিজয়ীদের একজনের বিয়ে হয়েছে মাত্র এক মাস আগে। বিয়ের পরপরই এমন পুরস্কার পেয়ে তিনি নিজের সৌভাগ্যে বিস্ময় প্রকাশ করেছেন।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ৪৮ বছর বয়সী ভারতীয় নাগরিক কবির পুভাথিংগাল গত ১৩ জুন অনলাইনে কেনা মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৪৭-এর ৩৪৭১ নম্বর টিকিটের মাধ্যমে এই পুরস্কার জিতেছেন। তিনি গত ২২ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং আবু ধাবির একটি বিমান চলাচল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত। পাঁচ সন্তানের জনক পুভাথিংগাল এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত এই লটারিতে অংশ নিচ্ছেন।
লটারি জয়ের পর তিনি বলেন, “এমন একটি সুযোগ দেওয়ার জন্য দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটি আমার জীবন বদলে দেওয়ার মতো এক চমৎকার অভিজ্ঞতা। আমি সবাইকে এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখার পরামর্শ দেবো।”
একই পরিমাণ অর্থ জিতেছেন ৩০ বছর বয়সী আরেক ভারতীয় প্রবাসী মোহাম্মদ শিবিল থায়্যিল। তিনি গত ১৮ জুন অনলাইনে কেনা ৪৮৩২ নম্বর টিকিট দিয়ে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৪৮-এ বিজয়ী হন। ২০২৫ সালের অক্টোবরে দুবাইয়ে আসা থায়্যিল বর্তমানে শারজাহ বিমানবন্দরের আন্তর্জাতিক মুক্ত অঞ্চলের বিক্রয় বিভাগে কর্মরত।
মাত্র গত মাসে বিয়ে করা থায়্যিল দ্বিতীয়বারের মতো লটারিতে অংশ নিয়েই ১০ লাখ ডলারের পুরস্কার পান। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আপনারা আমার জীবনটাই বদলে দিয়েছেন! এটি আমার জীবনের সবচেয়ে সেরা খবর! দুবাই ডিউটি ফ্রিকে অনেক অনেক ধন্যবাদ।”
কেরালার বাসিন্দা এই দুই বিজয়ী ১৯৯৯ সালে লটারিটি চালুর পর মিলেনিয়ন মিলিয়নিয়ার ড্রতে ১০ লাখ ডলার জেতা ২৭৮তম ও ২৭৯তম ভারতীয় নাগরিক। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই লটারির টিকিটের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে ভারতীয়রাই দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছেন।