Ridge Bangla

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়ের’ দাবি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত সাময়িকভাবে থামার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বড় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলির‌্যালিতে এ মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা খুবই কঠোর একটি দল হিসেবে কাজ করেছি এবং আমার মনে হয় আমরা এই লড়াইয়ে এগিয়ে আছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে যখন আমরা পূর্ণ বিজয় ঘোষণা করব, তখনই প্রকৃত অর্থে জয় হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘এটি হবে (ইরানের বিরুদ্ধে) সম্পূর্ণ বিজয়। খুব শিগগিরই তা ঘটবে এবং তখন তেলের দাম দ্রুত কমে আসবে।’

এর আগে সোমবার (৮ জুন) ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দেয় ইরান। তবে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলতে থাকলে ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে বলেও সতর্ক করে তেহরান।

এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, তাদের পাল্টা পদক্ষেপ থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেওয়া উচিত ছিল।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলার জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। পরে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা শুরু করে ইসরায়েল।

পরিস্থিতির মধ্যে সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরান ও ইসরায়েলকে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধের আহ্বান জানান ট্রাম্প।

পরে সোমবার সন্ধ্যায় টেলিভিশন ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইরানের সঙ্গে সংঘাত ‘এ মুহূর্তের জন্য’ বন্ধ রয়েছে। তবে ইসরায়েলে আবার হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন