অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ফলে তাদের দায়িত্ব পালনের অবশিষ্ট সময় আর বহাল থাকছে না।
সরকারি সূত্রে জানা গেছে, ময়নুল ইসলামকে গত বছরের ১০ এপ্রিল চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, ড. এম মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এর আগে চলতি বছরের ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় চারজন চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতকে একযোগে প্রত্যাহার করে নেয়। তাদের মধ্যেই ছিলেন ময়নুল ইসলাম ও মাহফুজুল হক। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।