Skip to main content

Ridge Bangla

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে।

শনিবার (১৬ মে) সিলেট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

তিনি জানান, প্রবাসীদের বিনিয়োগ সহজ ও নিরাপদ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। ভবিষ্যতে প্লটের পরিবর্তে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। এ প্রকল্প সিলেট থেকে শুরু হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ, মেডিকেল ইউনিট ও স্থায়ী অ্যাম্বুলেন্স সেবার কাজ চলছে।

বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু করেছে সরকার বলে জানান তিনি।

This post was viewed: 27

আরো পড়ুন