Skip to main content

Ridge Bangla

দুই বীর সেনার মৃত্যুতে স্তব্ধ কুড়িগ্রাম

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রামে। দেশের পতাকা বয়ে নেওয়া দুই বীর সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে কুড়িগ্রাম জেলা। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালায়। ওই হামলায় বাংলাদেশ কন্টিনজেন্টের ছয় শান্তিরক্ষী শহীদ হন এবং অন্তত আটজন আহত হন। পরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে কুড়িগ্রামের দুই বীর সেনা হলেন সৈনিক শান্ত মন্ডল এবং সৈনিক মমিনুল ইসলাম। শান্ত মন্ডল (২৬) রাজারহাট উপজেলার সাটমাধাই ডারারপাড় গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং গত ৭ নভেম্বর সুদানে শান্তিরক্ষা মিশনে যান। এক বছর আগে বিয়ে করা শান্তের স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বাবার কবরের পাশেই তাকে দাফনের ইচ্ছা পরিবারের।

অপরদিকে, উলিপুর উপজেলার পারুলেরপাড় গ্রামের বাসিন্দা সৈনিক মমিনুল ইসলাম (৩৮) মাত্র ৩৩ দিন আগে মিশনে গিয়েছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার বিকেলে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন তিনি।

This post was viewed: 62

আরো পড়ুন