দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও জোর দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর। তার মতে, শিল্পীদের জন্য কোনো ভৌগোলিক সীমারেখা থাকা উচিত নয়।
সম্প্রতি ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি ছবিই দর্শকপ্রশংসা কুড়িয়েছে। এই সাফল্যের রেশ না কাটতেই জয়া অংশ নিয়েছেন কলকাতায় নতুন একটি সিনেমার শুটিংয়ে। শনিবার মহরতের মাধ্যমে শুরু হয় কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং। ছবিতে রয়েছেন জয়া আহসান, কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং নতুনভাবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
ভারতের টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, “শিল্পীদের বিচ্ছিন্নতা কোনোভাবেই কাম্য নয়। আমাদের কাজই সবকিছুকে একসূত্রে গাঁথা। আমরা যদি গ্লোবাল বাস্তবতায় বিশ্বাস করি, তাহলে শিল্পীদের তো কোনো সীমারেখা থাকা উচিত নয়। আমাদের সংস্কৃতি, মূল্যবোধ, অনুভূতি—সবই এক। ভাষাও এক। তাহলে আমরা কেন আলাদা থাকব?”
তিনি আরও বলেন, “আমাদের চেষ্টা থাকবে পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলাভাষী মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার শিল্পকর্মের মাধ্যমে। এজন্য দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করতেই হবে।”
রাজনৈতিক প্রসঙ্গেও মত দিয়েছেন জয়া আহসান। তিনি বলেন, “রাজনৈতিক সিদ্ধান্ত নেন রাষ্ট্রনেতারা। আলোচনার মাধ্যমে সমাধান আসবে। কিন্তু দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো বিদ্বেষ বা অসহিষ্ণুতা যেন না থাকে, সেটা আমরা শিল্পীরা নিশ্চিত করতে চাই।”
জয়া আহসান আরও বলেন, “শিল্প, সংস্কৃতি আর ভাষার বন্ধনে দুই বাংলাকে একসঙ্গে এগিয়ে যেতেই হবে।”