অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে সম্ভাব্য দেশত্যাগকারী ওই দুই উপদেষ্টার পরিচয় উল্লেখ করেননি তিনি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দুই উপদেষ্টার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানা গেছে, তাদের একজন দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এবং অপরজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন।
তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র ছাড়া তাদের দেশত্যাগের অনুমতি দেওয়া উচিত হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন। জানা গেছে, সেদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।