Ridge Bangla

দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, জনসভা ঘিরে উৎসবের আমেজ

দীর্ঘ দুই দশক পর নির্বাচনী প্রচারণায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে বরিশাল বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও মিত্র জোটের নেতাকর্মীরা বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জড়ো হতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ আদায় শেষে সমাবেশস্থলে অবস্থান নেন।

দলীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছাবেন। সেখানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।

আজকের জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিতে এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশেই চলছে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ের ব্যস্ততা। উত্তরের জেলা থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত ধারাবাহিকভাবে জনসভা ও পথসভা করছেন তারেক রহমান। এসব সভায় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি তুলে ধরছেন। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, নারীর ক্ষমতায়ন এবং তরুণদের অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পাচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলটি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

This post was viewed: 15

আরো পড়ুন