রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ফলে প্রায় এক মাসের বেশি সময় পর আবারও শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা।
গত ২৬ মার্চ ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে নিয়মিত ও পূর্ণমাত্রায় ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ বছর রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ছিল। এদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ঈদের পর টানা প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।