Ridge Bangla

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টিভির দুই সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) ট্রাইব্যুনাল-১-এ উক্ত আবেদন করা হলে আদালত তাঁদের আগামী ১৪ মে হাজির করার নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর নাম উঠে এসেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে প্রত্যেকের ভূমিকা বিস্তারিতভাবে প্রতিবেদনে তুলে ধরা হবে। আপাতত তাঁদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, হেফাজতের ওই সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

This post was viewed: 3

আরো পড়ুন