ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা ‘মিকাসা ইন’ হোটেলে আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ বিভিন্ন ইউনিট অংশ নেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। প্রায় ২৫ কক্ষের ওই হোটেলের অধিকাংশ অতিথি ছিলেন বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে কয়েকজন ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। পরে উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে।