ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক ফ্লাইটে দীর্ঘ বিলম্ব দেখা দিয়েছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) এনডিটিভি এ তথ্য জানায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থার টিম জরুরি ভিত্তিতে কাজ করছে। যাত্রীদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। এটি সাধারণত এটিসি ডেটা পরিচালনা করে। সমস্যার কারণে কন্ট্রোলারদের এখন ম্যানুয়ালি ফ্লাইট প্ল্যান প্রক্রিয়া করতে হচ্ছে, যা ফ্লাইট বিলম্বের মূল কারণ।
প্রভাবিত এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট। এয়ার ইন্ডিয়া জানায়, “এটিসি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ফ্লাইট বিলম্বিত হচ্ছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত।” ইন্ডিগো এক বিবৃতিতে বলেছে, “বিমানবন্দর ও বিমানে অপেক্ষার সময় বাড়ছে। যাত্রীদের ধৈর্যের জন্য কৃতজ্ঞ।”
সূত্র জানায়, গত বৃহস্পতিবারও এটিসি সার্ভারে একই ধরনের ত্রুটির কারণে প্রায় ২০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল, যা পরে ঠিক করা হয়েছিল। তবে আজ আবার একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে গেছে।