Skip to main content

Ridge Bangla

দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র দাবদাহের কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার (১২ জুন) হিট ইনডেক্স অনুযায়ী শহরের তাপমাত্রা পৌঁছেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির বিভিন্ন এলাকায় প্রকৃত তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যুক্ত হয়ে তাপমাত্রার অনুভূত মাত্রা আরও বেড়ে যাচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আয়ানগরে, যেখানে তা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া অন্যান্য এলাকাগুলোর তাপমাত্রা ছিল যথাক্রমে—পালাম ৪৪.৫, রিজ ৪৩.৬, পিতমপুরা ৪৩.৫, লোদি রোড ৪৩.৪, সফদরজং ৪৩.৩ এবং ময়ূর বিহার ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লির বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি এবং আগামী ২৪ ঘণ্টায়ও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং সন্ধ্যায় হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

‘রেড অ্যালার্ট’ নির্দেশ করে, জনসাধারণকে অবিলম্বে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা, দুপুরের সময় বাইরে না বের হওয়া এবং শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করা।

This post was viewed: 45

আরো পড়ুন