Skip to main content

Ridge Bangla

দিনাজপুরে ‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই শিশুকে রেখে নিখোঁজ মা

দিনাজপুরের হাকিমপুরে দুই কন্যাসন্তানকে রাস্তার পাশে রেখে ‘টাকা নিয়ে আসি’ বলে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু দুটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার কিছু আগে হিলি বন্দরের ৪ নম্বর গেটের সামনে একটি অফিসের বারান্দায় দুই শিশুকে কান্নাকাটি করতে দেখেন তিনি। তাদের কাছে জানতে চাইলে শিশুরা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, ‘থাকো আমি টাকা নিয়ে আসি।’ এরপর আর ফিরে আসেননি। তিনি শিশু দুটিকে খাবার কিনে দিলেও তারা না খেয়ে কান্না করতে থাকে। পরে বিষয়টি থানা পুলিশকে জানান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং তিনি ঢাকায় থাকেন। অভাব-অনটনের কারণে মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশুদের উদ্দেশে বলেন, ‘থাকো, টাকা নিয়ে আসি।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত আছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশুদের নিরাপদে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তাদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

This post was viewed: 15

আরো পড়ুন