Skip to main content

Ridge Bangla

দিনাজপুরে ক্লাস চলাকালে খুলে পড়ল চলন্ত সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

দিনাজপুরের ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

স্থানীয়দের দাবি, পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে মেঝেতে পড়ে যায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের ভাষ্য, এ ঘটনায় দুই শিক্ষার্থী হাত ও মাথায় সামান্য আঘাত পেয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

শিক্ষার্থীদের অভিভাবক সোহেল রানা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিদ্যালয়ের পুরোনো ফ্যানগুলোর বিষয়ে এর আগেও কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি বলেন, ঘটনার সময় বিদ্যালয়ে ছুটি হয়ে গিয়েছিল। কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে এবং কয়েকজন দরজার কাছে থাকায় কেউ আহত হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিভাবকদের অভিযোগের পর সম্প্রতি বিদ্যালয়ের নষ্ট ফ্যানগুলো মেরামত করা হয় এবং অধিকাংশ ফ্যান পরীক্ষা করা হয়েছিল। তবে যে ফ্যানটি খুলে পড়েছে, সেটি পরীক্ষা করা হয়নি।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, ফ্যান খুলে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। বিদ্যালয়গুলোতে নিয়মিত ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করার নির্দেশনা আগে থেকেই রয়েছে। এরপরও কেন তা অনুসরণ করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন