Skip to main content

Ridge Bangla

দা দিয়ে বিড়ালকে আঘাত, অতঃপর থানায় অভিযোগ

নিজের পোষা বিড়ালকে আঘাত করে হত্যার চেষ্টায় প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিনব এ ঘটনা ঘটে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

ঘটনাটি নজিরবিহীন হলেও পোষা প্রাণীর প্রতি এরূপ ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন অভিযোগকারী ওই নারী। নেটিজেনরা নানা মন্তব্য করছেন তার এই প্রাণীপ্রেম নিয়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিবেশী তানিয়া বেগমের (২৮) পোষা বিড়ালকে হত্যার উদ্দেশ্যে গত ১১ জানুয়ারি নাসিমা বেগম (৪০) দা দিয়ে আঘাত করেন। এতে বিড়ালটি মারা না গেলেও গুরুতর আহত হয়ে তার একটি পা ভেঙে যায়। ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত নাসিমা বেগমের স্বামী তানিয়াকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেন।

এ সময় আহত বিড়ালটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে প্রাণিটি কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পরদিন সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিয়ে তানিয়া বেগম ওই দম্পতির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেন। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরও তানিয়ার একটি পোষা বিড়ালকে কুড়াল দিয়ে হত্যা করেন নাসিমার স্বামী আইয়ুব মৃধা (৫০)।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক রাজু আহমেদ জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সরেজমিনে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 44

আরো পড়ুন