আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে কৌতূহল থাকলেও এবার নিজেই সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে দায়িত্ব ছাড়ার পরের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন ড. ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে আকিয়ে আবে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চাইলে ড. ইউনূস জানান, ভবিষ্যতে তিনি মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে চান। প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে মনোযোগ দেবেন, যাতে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা সহজে স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে তাঁদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে ও সেবায় যুক্ত থাকতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ অব্যাহত রাখবেন ড. ইউনূস। কর্মসংস্থান সৃষ্টি ও নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
তৃতীয়ত, তিনি তাঁর বহুল আলোচিত ‘থ্রি জিরো’- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ- ধারণাভিত্তিক কার্যক্রম চালিয়ে যাবেন।