Ridge Bangla

দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্য, পুলিশের নজরে নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি নতুনভাবে বিতর্কের মুখে। মাদক সেবন এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থাকার গুঞ্জনের পর তাকে পুলিশি নজরে রাখা হয়েছে। তবে নোরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এক মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা অভিযোগ করেছেন, নোরা ফাতেহি ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে উপস্থিত ছিলেন। অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোরা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং তার পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। নোরা বলেছেন, আমি সারাদিন কাজ করি। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

নোরা অভিযোগকারীদের সতর্ক করে আরও জানিয়েছেন, যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ এটি বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।

তবে শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পারকারসহ আরও অনেকের নাম উঠেছে। সূত্র জানায়, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিতে পারে। পুলিশ এই ঘটনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার সঠিক তথ্য যাচাইয়ের চেষ্টা করছে।

This post was viewed: 27

আরো পড়ুন