Ridge Bangla

দশম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

রোববার (১২ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মামলার তথ্য উল্লেখ করে পুলিশ জানায়, গত ২৩ জুন দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। একই দিন বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে এমন অনিয়মের বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পাবলিক পরীক্ষা আইন (অপরাধ) ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করার পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার বলেন, ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। পাবলিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন কাণ্ড গুরুতর অপরাধ।

This post was viewed: 3

আরো পড়ুন