লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবারের এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হাব্বুশ শহরে চালানো হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। সেখানে এক শিশুসহ দুই নারী নিহত হয়েছেন। মোট আটজন প্রাণ হারান এই হামলায়। হাব্বুশের পাশাপাশি জারারিয়েহ ও টায়ার শহরেও হামলা চালানো হয়েছে। জারারিয়েহ শহরে হামলায় চারজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত চারজন। নিহতদের মধ্যে দুইজন নারী। উপকূলীয় শহর টায়ারের নিকটবর্তী আইন বাল গ্রামে হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাব্বুশ শহরে হামলার আগে ইসরায়েলি বাহিনী স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেই সতর্কতার অল্প সময়ের মধ্যেই শুরু হয় তীব্র বোমাবর্ষণ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সতর্কতা জারির এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ধারাবাহিকভাবে একাধিক বিমান হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।