দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে আবারও সাড়া ফেলেছে মালয়ালম সিনেমা ‘ডায়েস ইরায়ে’। গত ৩১ অক্টোবর মুক্তির পর মাত্র সাত দিনেই ছবিটি বিশ্বজুড়ে ৫০ কোটি রুপির বেশি আয় করেছে। বলিউডসহ পুরো ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এখন এই সিনেমাই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
‘ডায়েস ইরায়ে’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল সদাশিবন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রণব মোহনলাল, সুপারস্টার মোহনলালের ছেলে। প্রণব এখানে রোহান নামে এক তরুণ স্থপতির ভূমিকায় অভিনয় করেছেন, যিনি নিজের বাড়িতে একের পর এক রহস্যময় ও ভয়াবহ অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হন।
এই সিনেমার সাফল্যের মাধ্যমে প্রণব মোহনলাল মালয়ালম ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন দ্বিতীয় অভিনেতা হিসেবে নাম লিখিয়েছেন, যার টানা তিনটি চলচ্চিত্র ৫০ কোটির বেশি আয় করেছে। এর আগে তাঁর ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবিও বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল। প্রণবের এই সাফল্য তাঁর বাবা মোহনলালের ক্যারিয়ারের সোনালি সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছে, যখন ‘হৃদয়পুরভম’, ‘এমপুরান’ ও ‘থুদারুম’ ছবিগুলো টানা ব্লকবাস্টার হয়েছিল।
ছবিতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ। সিনেমাটির ভয়াবহ পরিবেশ, সূক্ষ্ম ক্যামেরা কাজ ও প্রণবের পরিণত অভিনয় দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। অনেকে বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ ভারতীয় সিনেমায় এটি অন্যতম সফল হরর-থ্রিলার।