চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কর্মসূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি।
শনিবার (১১ জুলাই) দলটির এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনার কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইভাবে সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্থানে নির্ধারিত জুলাই পদযাত্রাও অনুষ্ঠিত হবে না।
তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কর্মসূচি পালন করবে দলটি। এরপর পরবর্তী পদযাত্রাগুলো চলমান থাকবে।
এদিকে শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরে নির্ধারিত ২টি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উত্তরাঞ্চলেও পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ইরান সফর শেষে দেশে ফিরে রোববার থেকে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রায় যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।