Ridge Bangla

থার্ড টার্মিনাল উদ্বোধন হতে পারে ১৬ ডিসেম্বর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও সরকার এর আগেই প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা করছে।

দেশের বাড়তে থাকা বিমান পরিবহন চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা প্রয়োজন। বর্তমানে ১৪টি নয়, বাংলাদেশের জন্য ৪৭টি উড়োজাহাজ দরকার বলে মন্তব্য করেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে আয় থেকে কিস্তির মাধ্যমে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা সম্ভব হবে।

নতুন বোয়িং উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে পাওয়া যাবে বলেও জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত সমস্যা দূর করতে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিকে হজযাত্রীদের লাগেজ কেটে ফেলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য তদন্তে সত্য পাওয়া যায়নি। লাগেজ মিস হ্যান্ডলিংয়ের কোনো প্রমাণ মেলেনি এবং কোনো হজযাত্রী এ বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।

প্রতিমন্ত্রী আরও জানান, ২১টি লাগেজে ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া গেছে। তবে ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এসব ক্ষতি বাংলাদেশে হয়নি; বরং লাগেজগুলো যেখান থেকে এসেছে, সেখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন