Ridge Bangla

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে করে আমভর্তি একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। আমগুলোর শুল্ক ছাড়পত্রের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

স্থলবন্দর-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠানো হয়। একইভাবে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানো হয়ে থাকে।

জানা গেছে, আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে উপহারের আমগুলো মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, “উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো বিতরণ করা হবে।”

This post was viewed: 2

আরো পড়ুন