সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে, ১১-দলীয় জোট পেয়েছে মোট ৭৭টি আসন।
দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এছাড়া সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন মোট ৫ দশমিক ৭৯ শতাংশ ভোটারের সমর্থন।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২ দশমিক ৭০ শতাংশ ভোট। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের তত্ত্বাবধানে এ শপথ অনুষ্ঠিত হবে।
একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।