ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এদিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে গত ২৩ ফেব্রুয়ারি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন, অর্থাৎ ২০২৬ সালের ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি জামায়াত।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এ ভাষণের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে রাজনৈতিক আলোচনা ও আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।