আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন।