ঢাকাই সিনেমার জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুধু বড় পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সক্রিয়। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মা-বাবার একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।
পোস্টে ফারিয়া লেখেন, “আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছর একসঙ্গে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক না কেন, তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।” তিনি আরও যোগ করেন, “তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অন্যের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।”
ফারিয়ার এই ভালোবাসায় ভরা পোস্টটি অল্প সময়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার বাবা-মায়ের দীর্ঘ দাম্পত্য জীবনের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, বর্তমান প্রজন্মের জন্য এমন সম্পর্কই অনুপ্রেরণা হতে পারে।
ব্যক্তিগত জীবনের এমন আন্তরিক প্রকাশে ফারিয়ার ভক্তরা তার মানবিক দিকটি নতুনভাবে দেখেছেন। উল্লেখ্য, নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিতে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং ফারিয়াকে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।