ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলার সময় ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানে বিস্তৃত হামলা সম্পন্ন করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েল ওই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন রোরিং লায়ন’।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ওই হামলার পর হওয়া যুদ্ধবিরতির সময় নিজেদের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে ইরান। এবার সেসব স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, “সম্প্রতি ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এর সময় ইরানের যে রাডার ও প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনর্গঠন ও আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। আজ সেসব অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে এসব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।”