ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি প্রবেশের পর সেটিকে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে ড্রোনটির ধরন বা এটি হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মেহের নিউজের প্রতিনিধি।
এর আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একাধিক অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরানি বাহিনী।
এদিকে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। পরে সোমবার সকালে তেহরান, ইস্ফাহানসহ ইরানের তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
এরপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়। মধ্যরাত থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
রোববার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলকে থামানোর চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েল সেই আহ্বানে সাড়া না দিয়ে ভোরে ইরানে পাল্টা হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় হামলা ও পাল্টা হামলা শুরু হয়।