তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বগুড়া বিমানঘাঁটির পাশে তুরস্কের সহযোগিতায় যৌথ উদ্যোগে ড্রোন উৎপাদনের এই কারখানা নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর না থাকায় বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।
প্রতিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।