Ridge Bangla

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা কমার সম্ভাবনা

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও কর্মজীবীরা প্রচণ্ড তাপমাত্রার কারণে ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কষ্ট বেড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এরপরের ২৪ ঘণ্টায় কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়া অফিস জনসাধারণকে সতর্ক করে বলেছে, গরম এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বিবেচনায় রেখে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

This post was viewed: 36

আরো পড়ুন