Ridge Bangla

তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, খোলা থাকছে করমজল

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আজ সোমবার (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বনের অভ্যন্তরে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

এ সময়ে জেলে, মৌয়াল, বাওয়ালি, গোলপাতা সংগ্রহকারীসহ দেশি-বিদেশি কোনো পর্যটকই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি সুন্দরবনের মাছ, চিংড়ি, কাঁকড়া, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর প্রধান প্রজনন মৌসুম। একই সঙ্গে বিভিন্ন উদ্ভিদের বীজ অঙ্কুরোদগম ও নতুন চারা জন্মানোর জন্যও এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মৎস্যসম্পদ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখতে ২০২০ সাল থেকে প্রতি বছর এই তিন মাস সুন্দরবনে মানুষের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। তবে পাঁচ বছর পর এবার ব্যতিক্রম হিসেবে পর্যটকদের জন্য ‘করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র’ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পশুর নদীর তীরে অবস্থিত হওয়ায় করমজল এলাকায় পর্যটকদের উপস্থিতিতে বনাঞ্চল, বন্যপ্রাণী বা মৎস্যসম্পদের তেমন ক্ষতির আশঙ্কা নেই।

নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস বা পারমিট ইস্যু করা হবে না। পাশাপাশি বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হবে।

অবৈধভাবে বনে প্রবেশকারীদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 10

আরো পড়ুন