অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো আইনগত বাধা আছে বলে তার জানা নেই। তিনি বলেন, প্রয়োজনে তাকে দেশে ফিরতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, এমনকি নিরাপত্তার বিষয়েও সরকার সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা জানান, দেশে ফেরার সময় ও পরিস্থিতি নির্ধারণের বিষয়ে তারেক রহমান যথেষ্ট সক্ষম এবং তিনি ‘উপযুক্ত সময়েই’ দেশে ফিরবেন বলে সরকারের পক্ষ থেকে বিশ্বাস প্রকাশ করা হয়।
তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নানা মহলে সমালোচনা বা প্রশ্ন তোলাকে অরুচিকর বলে মন্তব্য করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘অনেকে নানা মন্তব্য করেন কেন তিনি আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন খুবই অরুচিকর মনে হয়। কারণ এটি মা–ছেলের সম্পর্ক। এখানে খালেদা জিয়ার কোনো নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত যাই থাকুক না কেন, তা নিয়ে আগাম মন্তব্য করা শোভন নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে এটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। তারা নিজেরাই সবচেয়ে ভালো জানেন কোন সময়ে কী সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক কখন দেশে ফিরবেন বা কী পদক্ষেপ নেবেন সেটি একমাত্র তারেক রহমান এবং তার পরিবারই নির্ধারণ করবেন।’