Ridge Bangla

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ ঢাকার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য বিমানবন্দর ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন।

নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও টহল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর সংশ্লিষ্ট ক্রু ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এলাকায় সাধারণ যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বিমানবন্দর থেকে তারেক রহমানের যাতায়াতের জন্য নির্ধারিত গাড়িবহর ঘিরেও বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও আমদানি করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে প্রথম অবতরণ এবং পরে সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন