Ridge Bangla

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি এড়াতে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও টহল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর সংশ্লিষ্ট ক্রু ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এলাকায় সাধারণ যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে, সেখানে নিরাপত্তা তুলনামূলকভাবে কিছুটা শিথিল।

বিমানবন্দর থেকে তারেক রহমানের যাতায়াতের জন্য নির্ধারিত গাড়িবহর ঘিরেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। ফ্লাইট সূচি অনুযায়ী, সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে প্রথম অবতরণ করবে বিমানটি। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন