Ridge Bangla

তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় ওই পুরো পথে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি থাকবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী-আব্দুল্লাহপুর এবং কুড়িল-মস্তুল অংশে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলাই শ্রেয়। বিকল্প হিসেবে আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ, হাউস বিল্ডিং-উত্তরা সেক্টর সড়ক, গুলশান-১ হয়ে মহাখালী রুট এবং মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকায় চলাচলকারী যানবাহনকে কাকলী ও কামাল আতাতুর্ক সড়ক পরিহার করতে বলা হয়েছে। দূরপাল্লার যাত্রীদের ট্রেন ও মেট্রোরেল ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ, লাঠি বা যানবাহন নিয়ে গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। নির্ধারিত পার্কিংস্থল ছাড়া অন্য কোথাও গাড়ি রাখাও নিরুৎসাহিত করা হয়েছে। জরুরি সেবার যানবাহন এসব নির্দেশনার বাইরে থাকবে।

This post was viewed: 24

আরো পড়ুন