Ridge Bangla

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক অগ্রগতি: নাহিদ ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তার মৌলিক অধিকার পুনরুদ্ধারের দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে দেশের গণতান্ত্রিক লড়াই একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার দীর্ঘদিন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হন এবং নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, হাজারো শহিদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আজ এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে নির্বাসিত রাজনৈতিক নেতারা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

তিনি আরও বলেন, এনসিপি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে, যেখানে ভিন্নমতের জন্য কাউকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে পড়তে হবে না। বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি ভেঙে আজ যে মুক্ত বাংলাদেশের পথে দেশ এগোচ্ছে, সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

This post was viewed: 32

আরো পড়ুন