Ridge Bangla

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি কঠিন সময় অতিক্রম করেছে এবং ভবিষ্যৎ নির্বাচনেও দল বিজয়ী হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। তার নেতৃত্বেই আমরা দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালেও তার নেতৃত্বেই আমরা নির্বাচনে জয়ী হব।” তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রবাসে থেকেও তারেক রহমান দল ও আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আজ আমরা তাকে স্বাগত জানাচ্ছি। নির্বাসিত জীবনে থেকেও তিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। এই গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন অধ্যায় আমরা তার নেতৃত্বেই অতিক্রম করেছি। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে তিনি দলের জন্য আনন্দের ও প্রেরণার মুহূর্ত বলে উল্লেখ করেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। একই সঙ্গে তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলব।”

This post was viewed: 35

আরো পড়ুন