বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বিদ্যমান শূন্যতা পূরণের পথ খুলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের এ কথা জানান।
শফিকুল আলম বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা বিদ্যমান। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরায় তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার অবস্থান আরও শক্ত করেছেন, যা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রেস সচিব জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টা ৩৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার মতে, তার দেশে ফেরা দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে আরও মসৃণ করবে।
নিরাপত্তার বিষয়ে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখভাল করছে এবং সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজ নিজ বিশ্বাস পালন করতে পারবে, এটিই সত্যিকারের গণতন্ত্রের লক্ষ।