দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর পূর্বাচলে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কনকনে শীত উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচল ৩০০ ফিট সড়কজুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা পূর্বাচলে জড়ো হতে শুরু করেন। অনেকে শীত উপেক্ষা করে সেখানেই রাত কাটান।
ভোরে সরেজমিনে দেখা যায়, পুরো ৩০০ ফিট এলাকা মানুষের ভিড়ে পূর্ণ। চারদিক স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। নেতাকর্মীদের কণ্ঠে ভেসে উঠছে ‘মা, মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান।
এসব স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতার দেশে ফেরা তাদের কাছে আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। একনজর তারেক রহমানকে দেখতে পারলেই শীত, কষ্ট ও দীর্ঘ অপেক্ষা সার্থক হবে বলে তারা মনে করেন।