Ridge Bangla

তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, তারেক রহমানের এই সফর জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। সংলাপ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক পরিপক্কতার নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে সমন্বয়ে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে পরিচালিত হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ এবং বিরোধী দলীয় নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের কোনো নাগরিক যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতায় না ভোগেন।

This post was viewed: 17

আরো পড়ুন