Skip to main content

Ridge Bangla

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বার্তায় কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং নতুন নেতৃত্বের অধীনে এই সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। বাংলাদেশে অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী।

এ ছাড়া অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার প্রশংসা করে তিনি জানান, যুক্তরাজ্য সরকার তাদের জন্য মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।

This post was viewed: 33

আরো পড়ুন