তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়।
মঙ্গলবার (১২ মে) জারি করা এক আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে বা বন্ধ করতে বলা হয়েছে।
তামিলনাড়ু সরকারের তথ্যানুযায়ী, রাজ্যে বর্তমানে তাসম্যাক পরিচালিত ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে বন্ধের তালিকায় থাকা দোকানগুলোর বেশিরভাগই মন্দির, স্কুল-কলেজ ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
নতুন সরকারের এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এসব মদের দোকান রাজ্যের বড় রাজস্ব উৎস হওয়ায় এর অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকার আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট গঠনের সিদ্ধান্তও নিয়েছে।