Ridge Bangla

তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে বন্ধ হাজারের বেশি স্কুল

তীব্র গরমের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। পূর্বাভাস অনুযায়ী, দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

উচ্চ তাপমাত্রার প্রভাবে ওয়েলসে ৫০০টির বেশি স্কুলে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। মধ্য ও দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লেনাউ গওয়েন্ট অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কেয়ারফিলি ও ব্রিজেন্ডের বেশিরভাগ স্কুলেও পাঠদান স্থগিত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিফ, কারমার্থেনশায়ার, মার্থার টিডফিল, মনমাউথশায়ার, নিথ পোর্ট ট্যালবট, নিউপোর্ট, পাওইস, রনদা কিনন টাফ, সোয়ানসি, টরফেইন ও ভেল অব গ্ল্যামরগান এলাকার বিভিন্ন স্কুলও পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ রয়েছে।

ওয়েলসের বাইরে ইংল্যান্ডেও তাপপ্রবাহের প্রভাব পড়েছে। দেশটিতে অন্তত ৫৭৮টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগই ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সব মিলিয়ে ওয়েলস ও ইংল্যান্ডে এক হাজারের বেশি স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

এদিকে মঙ্গলবার জার্সিতে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। জার্সি আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেখানে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বা ৯৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে।

This post was viewed: 3

আরো পড়ুন