Ridge Bangla

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলা তদন্তে ডিবি

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর আদালতে এ্যাপোনিয়া ফ্যাশনের নির্বাহী মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় করা হয়েছে, যার মামলা নম্বর সি আর ৯৬২/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা এ্যাপোনিয়া ফ্যাশনের সঙ্গে চুক্তি করে শাড়ি প্রমোশন ও বিক্রির জন্য অগ্রিম অর্থ গ্রহণ করেন। কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করে তিনি নির্ধারিত প্রচারণা বা কাজ সম্পন্ন না করেই অর্থ আত্মসাৎ করেন।

এ ঘটনায় বাদী পক্ষ আদালতে অভিযোগ দাখিল করলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন এবং তদন্তের দায়িত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

বাদী পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, “তানজিন তিশার মতো একজন জনপ্রিয় তারকা নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতারণা করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।” তিনি আরও বলেন, “আমার মক্কেল আইনানুগভাবে অর্থ ফেরত চাইলে তিশা এ বিষয়ে কোনো সদুত্তর দেননি।”

এদিকে, তানজিন তিশার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ থেকে ঘটেছে এবং তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান করতে চান।

This post was viewed: 31

আরো পড়ুন