Skip to main content

Ridge Bangla

তল্লাশিচৌকি দেখে উল্টে গেল সিএনজিচালিত অটোরিকশা, উদ্ধার সাড়ে ২৭ কেজি গাঁজা

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের তল্লাশি চলাকালে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড়ে জেলা পুলিশের একটি চেকপোস্টের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা পৌঁছালে বিপত্তি ঘটে। পুলিশ দেখে চালক অটোরিকশাটি ঘুরিয়ে দ্রুত গতিতে বিপরীত দিকে পালানোর চেষ্টা করে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে যাওয়ার আগেই চালক ও আরোহী পালিয়ে যায়।

পরবর্তীতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো সাতটি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জব্দ করা এই মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।

This post was viewed: 42

আরো পড়ুন