পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় চলন্ত পথে স্ত্রীর সঙ্গে তর্কের একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আহত নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সকালে কনস্টেবল মনীশ ভাটি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা একটি স্কুটারে করে যাচ্ছিলেন। পথেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মনীশ ভাটি স্কুটার থামান। এরপরও দুজনের মধ্যে তর্ক চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তর্কের একপর্যায়ে মনীশ ভাটি তার স্ত্রীকে গুলি করে রাস্তায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি দেখে চার থেকে পাঁচজন পথচারী দ্রুত প্রিয়াঙ্কাকে একটি অটোরিকশায় করে কাছের হাসপাতালে নিয়ে যান। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
জানা গেছে, মনীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে কর্মরত ছিলেন। নিহত ২৬ বছর বয়সী প্রিয়াঙ্কা পেশায় একজন শিক্ষিকা ছিলেন। সোমবারই ছিল তার জন্মদিন।
ঘটনার পর পুলিশ একটি মামলা দায়ের করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক কনস্টেবলকে গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।